পুবের কলম, ভুবেনশ্বর: শিব মন্দিরে পুজো দিতে গিয়ে তীব্র জাতপাতমূলক বৈষম্য, গালিগালাজ এবং শারীরিক আক্রমণের শিকার হলেন একদল দলিত মহিলা। ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম হয়েছেন এক দলিত মহিলা। ঘটনাটি ঘটেছে ওড়িশার জগৎসিংপুর জেলার এরাসামা থানা এলাকার অতিমাটি গ্রামে। এই ঘটনায় গ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রাবণী সহ একদল দলিত মহিলা সোমবার উপলক্ষ্যে স্থানীয় শিব মন্দিরে পুজো দিতে যান। অভিযোগ, তাঁরা মন্দিরে প্রবেশ করতে গেলে গ্রামেরই কিছু প্রভাবশালী ব্যক্তি বাঁশ ও লাঠি নিয়ে তাঁদের পথ আটকায়। দলিত মহিলাদের মন্দিরে ঢুকতে না দিয়ে তাঁদের উদ্দেশ্যে জাতপাত তুলে চরম গালিগালাজ করা হয় এবং স্থান ত্যাগ করতে হুমকি দেওয়া হয়। মহিলারা যেতে অস্বীকার করলে অভিযুক্তরা মহিলাদের হাত থেকে পুজোর ডালা ও সামগ্রী কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
বচসা চলাকালীন অভিযুক্তদের সত্যা রাউত (৪০), পুজো দিতে আসা ৫৫ বছর বয়সী এক দলিত মহিলার ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। এতে ওই মহিলা গুরুতর আহত হন। শুধু তাই নয়, তাঁকে লাথি মেরে ও মারধর করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ উঠেছে। এরাসামা থানায় উপস্থিত হয়ে ৮ জন ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আহত মহিলা। পুলিশ জানিয়েছে, মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ আট অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে। মূল অভিযুক্ত সত্যা রাউতকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।