পুবের কলম ওয়েব ডেস্ক: বুধবার এক গুরুত্বপুর্ণ রায়ে ২০১০ সালের পর রাজ্যে ইস্যু হওয়া সমস্ত ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই রায়ের ফলে রাজ্যে এখন থেকে ওবিসির আর দু’টি আলাদা ভাগ থাকছে না, বরং একটিমাত্র ওবিসি ক্যাটাগরি থাকবে। যাঁদের কাছে বাতিল হওয়া এই শংসাপত্রগুলি রয়েছে, তাঁরা এবার থেকে সাধারণ বা জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন।

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওবিসি সংরক্ষণকে দু'টি ভাগে বিভক্ত করেছিল।

তবে এর ফলে একটি বিশেষ শ্রেণিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এর আগে কলকাতা হাই কোর্ট এই সার্টিফিকেটগুলি বাতিল করলে তৎকালীন তৃণমূল সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়েছিল।

 কিন্তু রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার শীর্ষ আদালত থেকে সেই মামলা প্রত্যাহার করে নেয়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতা হাই কোর্টে বিচারপতি মান্থার নেতৃত্বে গঠিত বিশেষ বেঞ্চে বুধবার এই মামলার শুনানি হয়। সেখানেই ২০১০ সালের পর দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের চূড়ান্ত রায় দিল আদালত।