উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: দেশাত্মবোধ ও জাতীয় পতাকার প্রতি গভীর শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দিতে প্রবল বর্ষণকে সঙ্গী করেই জয়নগর মজিলপুর পৌর শহরে আয়োজিত হলো বিজেপির হর ঘর তিরঙ্গা কর্মসূচি। বুধবার বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে শহরের বিভিন্ন রাস্তায় এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা বের করা হয়। সারা রাজ্যের পাশাপাশি জয়নগরেও গত ৯ই আগস্ট থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচি। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের অন্তরে দেশপ্রেমের চেতনা ও জাতীয় পতাকার প্রতি সম্মানবোধকে আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

এদিন জয়নগর মজিলপুরের বুড়োরঘাট এলাকা থেকে তিরঙ্গা যাত্রার সূচনা হয়।

হাতে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন বয়সের মানুষ এই শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দেশাত্মবোধক গানের সুর আর উন্মাদনায় ভরপুর এই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বুড়োরঘাট থেকে শুরু হয়ে মিছিলটি দওবাজার, তালপুকুর মোড়, রথতলা ও থানার মোড় হয়ে রাধাবল্লভ তলায় গিয়ে শেষ হয়। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে এদিন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর।

এছাড়াও উপস্থিত ছিলেন জয়নগর জেলার একাধিক পদাধিকারী সঞ্জয় সিনহা, বিকাশ সরদার, অসীম সাফুই এবং জয়নগর বিধানসভার অন্তর্গত পাঁচটি মণ্ডলের সভাপতি ও দলের বহু কর্মী-সমর্থক। প্রবল বৃষ্টির মধ্যেই রাধাবল্লভ তলায় একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি উৎপল নস্কর হর ঘর তিরঙ্গা কর্মসূচির তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন এবং দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বার্তা কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে আলোকপাত করেন।

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জয়নগর মজিলপুর পৌরশহরে এক অভূতপূর্ব দেশাত্মবোধের আবহ তৈরি করে। প্রতিটি ঘরে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশ ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং গর্বের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই হর ঘর তিরঙ্গা কর্মসূচির মূল উদ্দেশ্য বলে উদ্যোক্তারা পুনরায় ব্যক্ত করেছেন।