পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী ১৫ আগস্টের মধ্যে বাঙালিদের উত্তরবঙ্গ ছাড়তে হবে, না হলে ২০০২ সালের মতো ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটবে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এমনই চাঞ্চল্যকর হুমকি দিলেন ধূপগুড়ির এক তৃণমূল নেতা। সুকদেব রায় নামের ওই নেতার এমন উসকানিমূলক মন্তব্যের জেরে বর্তমানে ধূপগুড়ি জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় কয়েকজন যুবক ধূপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে দেখে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুকদেব রায় ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি এই হুমকি দেন। সেখানে তিনি ২০০২ সালের ১৭ আগস্ট ধূপগুড়ির সিপিআইএম কার্যালয়ে কেএলও জঙ্গিদের অতর্কিত ও প্রাণঘাতী হামলার কথা স্মরণ করিয়ে দেন। দুই দশক পর আগস্ট মাসেই ফের সেই ভয়াবহ ঘটনার প্রসঙ্গ টেনে এহেন মন্তব্য করায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বিতর্কের পর থেকে ওই নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই ঘটনার তীব্র নিন্দা করে আসরে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সিপিআইএমের ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার অভিযোগ করেছেন যে, এটি বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে রাজ্যকে ভাগ করার এক গভীর চক্রান্ত। ওই নেতার সঙ্গে কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যোগসাজশ রয়েছে কি না, প্রশাসনের তা দ্রুত তদন্ত করে দেখা উচিত বলে তিনি দাবি করেন। অন্যদিকে, বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক মাধবচন্দ্র রায়ও এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তাঁর দাবি, অভিযুক্ত নেতা এর আগেও এমন উসকানিমূলক মন্তব্য করেছেন। বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রশাসনের অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত, না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।