বয়স যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তা প্রমাণ করলেন বাংলাদেশের নাটোরের বাগাতিপাড়ার আলী আকবর। ছেলেকে চিকিৎসক এবং মেয়েকে নার্স হিসেবে প্রতিষ্ঠিত করার পর ৫৪ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।

আলী আকবর রাজশাহীর নওহাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার বিল্ডিং মেইনটেন্যান্স ট্রেড থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৩৫ পেয়েছেন। তাঁর এই সাফল্যে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

ছয় ভাই ও পাঁচ বোনের সংসারে বেড়ে ওঠা আলী আকবর অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পারিবারিক আর্থিক সমস্যার কারণে ১৯৮৩ সালে তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে ছোট ব্যবসার মাধ্যমে বাবাকে সহযোগিতা করেন এবং ১৯৯০ সালে বিয়ে করেন।

পরবর্তীতে স্ত্রী-সন্তানদের নিয়ে রাজশাহীতে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে কাজ শুরু করেন।

সীমিত আয়ের মধ্যেও ছেলেমেয়েদের পড়াশোনা চালিয়ে যান। ২০১৫ সালে তাঁর মেয়ে নার্সিং পাস করেন। ছেলে ইসমাইল হোসেন ২০১৯ সালে এমবিবিএস পাস করে ৪২তম বিসিএসে চিকিৎসক হিসেবে চাকরি পান।

ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের অসম্পূর্ণ পড়াশোনা শেষ করার সিদ্ধান্ত নেন আলী আকবর।

স্ত্রী ও সন্তানদের উৎসাহে আবার স্কুলে ভর্তি হয়ে শুরু করেন পড়াশোনা।
আলী আকবরের কথায়, “পড়ালেখার জন্য বয়স কোনো বাধা নয়। ইচ্ছাশক্তি, মনোবল ও অধ্যবসায় থাকলে সাফল্য আসবেই।”

বাবার সাফল্যে অত্যন্ত খুশি ছেলে চিকিৎসক ইসমাইল হোসেনও। তিনি জানান, বাবাকে আরও পড়াশোনা করতে উৎসাহ দেবেন তাঁরা। তাঁর এই সাফল্য শুধু পরিবারের জন্য নয়, বয়সের কারণে পড়াশোনা থামিয়ে দেওয়া বহু মানুষের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে।