পুবের কলম ওয়েব ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনওরকম কুরুচিকর মন্তব্য বা অপপ্রচার করলে কাউকে রেয়াত করা হবে না। বুধবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের এই ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন, রাজনৈতিক পরিচয় না দেখে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সম্প্রতি রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ নেতাজিকে 'দেশদ্রোহী' আখ্যা দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এছাড়া সমাজমাধ্যমেও নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে একাধিক অবমাননাকর পোস্ট ছড়াচ্ছে। এই প্রসঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বিধায়কদের পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী জানান, যাঁরা এই ধরনের কাজ করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন তিনি। অভিযুক্তদের অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট মুছে ফেলার কথা বললেও, শুধুমাত্র পোস্ট মুছলেই যে আইনি পদক্ষেপ থেকে নিস্তার মিলবে না, সে কথাও তিনি সাফ জানিয়ে দেন।

অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, আইন সকলের জন্যই সমান। মন্ত্রী থেকে পুলিশ অন্যায় করলে কাউকেই ছাড়া হবে না। নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বার করবে পুলিশ। যদিও এই প্রসঙ্গে অনন্ত মহারাজ ফোনে জানিয়েছেন যে তিনি নেতাজিকে বদনাম করেননি, বরং ইতিহাসের সত্যিটাই তুলে ধরেছেন। এছাড়া রাজ্যে পর পর দুই জঙ্গি ধরা পড়ার ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র ও রাজ্যের তদন্তকারী সংস্থা এবং এসটিএফ এখন একযোগে তৎপরতার সঙ্গে কাজ করছে বলেই এই সাফল্য পাওয়া যাচ্ছে।