পুবের কলম ওয়েব ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কটূক্তি করলে কড়া পদক্ষেপ, এমনকী গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই বার্তার পরেই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। নেতাজিকে নিয়ে তাঁর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর এমন হুঁশিয়ারির পর কিছুটা সুর নরম করেছেন এই সাংসদ।
আরও পড়ুন:
প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অনন্ত মহারাজ জানান, তিনি কারও বদনাম বা মনগড়া কথা বলেননি।
তাঁর দাবি, তিনি কেবল ইতিহাসের সত্যটাই তুলে ধরেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এই বিষয়ে কোনও কথা হয়নি। উল্লেখ্য, সম্প্রতি দিনহাটায় একটি কর্মসূচিতে তিনি দাবি করেছিলেন যে, নেতাজির আজাদ হিন্দ ফৌজ তৈরির কোনও ক্ষমতা ছিল না। জার্মানদের হাতে বন্দি হওয়া ব্রিটিশ সেনাদের তিনি অপব্যবহার করেছিলেন। পাশাপাশি, কোচবিহারের মহারাজাই হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে ধ্বংস করেছিলেন বলেও তিনি মন্তব্য করেন।আরও পড়ুন:
তাঁর এই মন্তব্যের পরেই রাজ্যজুড়ে প্রবল বিতর্ক ও সমালোচনা শুরু হয়। বুধবার একটি সাংবাদিক বৈঠকে অনন্ত মহারাজের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী কারও নাম উল্লেখ না করেই স্পষ্ট জানিয়ে দেন যে, আইন সকলের জন্যই সমানভাবে কার্যকর হবে।