দিল্লিতে নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনকারীদের উপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগ নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, বিরোধীরা চাইলে ২৪ ঘণ্টা ধরে আলোচনা করতে এবং তাঁদের সমস্ত প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত।
শাহ বলেন, বিরোধীরা লিখিতভাবে আলোচনার দাবি জানালে বুধবার দুপুর ৩টে থেকে বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত তিনি বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তাঁর বক্তব্য, বিরোধীদেরই সিদ্ধান্ত নিতে হবে তাঁরা আলোচনা চান, নাকি সংসদ অচল করে রাখতে চান।


তবে শাহের এই প্রস্তাবে আগ্রহ দেখাননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, আন্দোলনকারীদের উপর গুলি বা বলপ্রয়োগের নির্দেশ কে দিয়েছিল, আগে তার জবাব দিতে হবে। শাহ নির্দেশ দিয়ে থাকলে তিনি দায়ী, আর নির্দেশ না দিয়ে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি অযোগ্য—এই যুক্তিতে তাঁর পদত্যাগ দাবি করেন রাহুল।

এই পরিস্থিতিকে ‘উলটপুরাণ’ বলে মন্তব্য করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

তাঁর অভিযোগ, সাধারণত বিরোধীরা আলোচনার দাবি করে এবং সরকার জবাব দেয়। কিন্তু এবার সরকার আলোচনায় প্রস্তুত থাকলেও বিরোধীরা তা এড়িয়ে যাচ্ছে।
রিজিজু জানান, প্রয়োজনে সংসদের সময় বাড়িয়েও আলোচনা করা যেতে পারে। বর্ষাকালীন অধিবেশনের শেষ দিন বৃহস্পতিবার হওয়ায় নিট-কাণ্ড নিয়ে সরকার ও বিরোধীদের অবস্থান শেষ পর্যন্ত কী দাঁড়ায়, সেদিকেই নজর রয়েছে।