উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। শহরে ২৪ ঘণ্টায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

কলকাতার পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। হুগলি ও পূর্ব বর্ধমানে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

তবে ওই দিন পুরুলিয়ায় কমলা সতর্কতা থাকবে।

অতি বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দামোদর অববাহিকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ডিভিসির জলাধার থেকে বেশি পরিমাণে জল ছাড়তে হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকাতেও অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করার পর তার গতিপথের উপর নির্ভর করবে কোন জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হবে।
এদিকে, খারাপ আবহাওয়ার কারণে শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।