বাবার আকস্মিক মৃত্যুতে গভীর শোকে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। গত সপ্তাহে আর্জেন্টিনার রোজারিও শহরে ৬৮ বছর বয়সে মারা যান তাঁর বাবা হোর্হে মেসি। বাবাকে হারিয়ে শৈশবের স্মৃতি, বিশ্বকাপের আগে বাবার উৎসাহ এবং জীবনের শেষ সময়ের নানা কথা স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি।
আরও পড়ুন:
বাবার অসুস্থতার কথা বিশ্বকাপের আগেই জানা গিয়েছিল। মেসির কথায়, বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাবা তাঁকে বারবার উৎসাহ দিয়েছিলেন।
কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে প্রথমবারের মতো বাবাকে গ্যালারিতে না পেয়েই বিশ্বকাপে খেলতে হয়েছিল মেসিকে।আরও পড়ুন:
আবেগঘন বার্তায় মেসি লেখেন, ‘বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি আর নেই। তোমাকে আর দেখতে পাব না, তোমার সঙ্গে আর কথা বলতে পারব না—এটা মেনে নেওয়া আমার জন্য ভীষণ কঠিন।’
বাবার দীর্ঘ কষ্টের কথা উল্লেখ করে মেসি বলেন, হয়তো এই পরিণতিই তাঁর জন্য ভালো ছিল।
তবে আক্ষেপ থেকে যাচ্ছে, ‘বাবা, তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে উপভোগ করার মতো আরও কত কিছুই তো বাকি ছিল।’আরও পড়ুন:
বাবার স্মৃতি যে সারাজীবন তাঁর সঙ্গে থাকবে, সে কথাও জানিয়েছেন মেসি। তাঁর ভাষায়, ‘হয়তো তোমাকে আর কখনও সামনে থেকে দেখতে পাব না, কিন্তু আমার প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্মৃতিতে তুমি বেঁচে থাকবে। তোমাকে খুব মিস করব, বাবা।’