পুবের কলম, ওয়েবডেস্ক: জমি দখল ও গত সোমবারের গুলি চালনার ঘটনাকে কেন্দ্র করে অসম ও অরুণাচল প্রদেশ সীমান্তে পুনরায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অসমের ধেমাজি জেলার লি কাবালি প্রবেশপথে দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে নতুন করে সংঘর্ষ ও পাথর ছুড়ামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ ফাঁকা জায়গায় ৩ রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয়। অন্যদিকে, অরুণাচল প্রদেশের বিরুদ্ধে শুরু হওয়া অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পদার্পণ করেছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অসমের আদিবাসী সম্প্রদায়ের শীর্ষ ছাত্র সংগঠন 'টাকাম মিচিং পরিন কেবাং'-এর নেতৃত্বে একাধিক সংগঠন এই অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছে। গত সোমবার অরুণাচল প্রদেশের দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে অসমের ১২ জন স্থানীয় বাসিন্দা আহত হন। এই ঘটনার প্রতিবাদেই বুধবার থেকে অরুণাচলগামী সমস্ত পণ্যবাহী যানবাহনের ওপর অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার অর্থনৈতিক অবরোধ চলাকালীন পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এক প্রশাসনিক কর্মকর্তা জানান, "অবরোধ চলাকালে অরুণাচল প্রদেশের দিক থেকে কিছু লোক এসে প্রতিবাদকারীদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এতে অসমের কয়েকজন সামান্য আহত হন। এর পরই উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ শুরু হয়।" তিনি আরও জানান, অরুণাচল প্রদেশের পুলিশ তাঁদের সীমানার মধ্যে থাকা উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে তিন রাউন্ড গুলি চালায়।