পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে নতুন সরকার গঠনের পর স্বাস্থ্য পরিষেবা ও দলীয় সংগঠনকে আরও মজবুত করতে বাংলায় আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী রবিবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। এরপর চলতি মাসের ২০ তারিখ রাজ্যে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
আরও পড়ুন:
রাজ্য সরকারের উদ্যোগে আগামী ১৬ আগস্ট রাজ্যে পালিত হতে চলেছে ‘আয়ুষ্মান দিবস’।
ওই দিনই এই প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদানের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই উপলক্ষে আগামী ১৬ ও ১৭ আগস্ট কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি মেগা কর্মসূচির আয়োজন করেছে রাজ্য সরকার। রাজ্যের আমন্ত্রণে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও।বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির
সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন জে পি নাড্ডা।
আরও পড়ুন:
আগামী ২২ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। এই শিবিরগুলিতে যাঁরা বক্তা হিসেবে থাকবেন, আগামী ১৬ আগস্ট কলকাতায় তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ এবং রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল।
দলীয় সূত্রে খবর, এই প্রশিক্ষণ শিবিরে জে পি নাড্ডারও উপস্থিত থাকার কথা রয়েছে। তবে এই সফরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আর অন্য কোনও দলীয় কর্মসূচি নেই।আরও পড়ুন:
জে পি নাড্ডার সফরের ঠিক পরেই বাংলায় আসছেন অমিত শাহ। দলীয় সূত্রের খবর, আগামী ২০ আগস্ট তিনি কলকাতায় পৌঁছবেন এবং ২১ ও ২২ তারিখ তাঁর একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, আগামী ১৯ আগস্ট রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্ণ হতে চলেছে। মূলত এই বিষয়টি মাথায় রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।