পুবের কলম ওয়েব ডেস্ক: ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই প্রথমবার রাষ্ট্রপতির ভাষণ শুরুর আগে জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ বেজে ওঠে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, ভারতকে সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলতে হবে, তবেই আমাদের স্বাধীনতা প্রকৃত অর্থে সার্থক হবে। সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়ন নিশ্চিত করার মধ্যে দিয়েই ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণ সম্ভব বলে তিনি স্মরণ করিয়ে দেন।
আরও পড়ুন:
সাম্প্রতিক নিট বা প্রশ্নফাঁস বিতর্কের আবহে এদিনের ভাষণে পরীক্ষাব্যবস্থায় সংস্কারের ওপর বিশেষ জোর দিয়েছেন রাষ্ট্রপতি।
তিনি জানান, দেশের তরুণ প্রজন্মের যাতে শিক্ষাব্যবস্থার উপর পূর্ণ ভরসা থাকে এবং পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়, তার জন্য সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। দেশের কোনও সাধারণ মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেই বার্তাও দেন তিনি। পাশাপাশি কৃষক, পড়ুয়া, সমাজসেবী, সাফাইকর্মী থেকে শুরু করে সেনা ও পুলিশকর্মী সকলের অবদানেরই অকুণ্ঠ প্রশংসা করেন রাষ্ট্রপতি।আরও পড়ুন:
জাতীয় নিরাপত্তার বিষয়েও এদিন কড়া অবস্থান নেন দ্রৌপদী মুর্মু। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের চরম পরিণাম ভোগ করতে হবে।
এই প্রসঙ্গে ভারতীয় সেনার নিখুঁত আঘাত হানার দৃষ্টান্ত হিসেবে ‘অপারেশন সিঁদুর’-এর কথা তুলে ধরেন তিনি। এছাড়া, বর্তমান ভারতকে নকশালমুক্ত বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। ১৪ আগস্ট বিভাজন বিভীষিকা দিবসের প্রসঙ্গ টেনে তিনি দেশভাগের যন্ত্রণার কথাও স্মরণ করেন।আরও পড়ুন:
দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষার কথাও রাষ্ট্রপতির ভাষণে জায়গা করে নেয়। তিনি জানান, সরকারের উদ্যোগে দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন এবং ৩২ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সম্ভব হয়েছে। পশ্চিম এশিয়ার জোড়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে প্রভাব পড়লেও, ভারতের অর্থনীতি যে দ্রুতগতিতে এগোচ্ছে তা তিনি মনে করিয়ে দেন। আত্মনির্ভর অভিযানে দেশের অর্থনীতি ও নিরাপত্তা আরও মজবুত হয়েছে বলে জানিয়ে সাঁওতালি গানের একটি পঙক্তি উদ্ধৃত করে পরিবেশ রক্ষার আবেদনও জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।