পুবের কলম, ওয়েবডেস্ক: কাপড় সেলাই করতে এসে এক ১৫ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক দরজির বিরুদ্ধে। অভিযুক্ত দরজি কিশোরীকে দোকানের ভেতর আটকে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে এই অপরাধ সংঘটিত করে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) পুলিশ জানায়, এই ঘটনায় অভিযুক্ত প্রধান দরজিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর প্রদেশের জানসঠ থানা এলাকার একটি গ্রামে।

জানসঠের সার্কেল অফিসার রিশিকা সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
কিশোরীর পরিবারের দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই কিশোরী বৃহস্পতিবার সন্ধ্যায় পোশাক সেলাই করার উদ্দেশ্যে অভিযুক্তের দরজির দোকানে গিয়েছিল। অভিযোগ, মেয়েটি ভেতরে প্রবেশ করার পর দোকানের মালিক ফিরোজ তাকে ভেতরে রেখেই দোকান আটকে দেয় এবং তার ওপর যৌন অত্যাচার চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়।
দোকানের বাইরে থেকে ঝুলানো তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ এবং অভিযুক্ত ফিরোজসহ নাবালিকাকে উদ্ধার করে।
 
পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত ফিরোজ এবং তার সহযোগী আদনান—যে বাইরে থেকে দোকানে তালা লাগিয়ে দিয়েছিল—তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে। পুলিশ আধিকারিক রিশিকা সিং জানিয়েছেন, মূল অভিযুক্ত ফিরোজকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে তার সহযোগী আদনান পলাতক। পুলিশ তাকে গ্রেফতার করতে তল্লাশি অভিযান শুরু করেছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।