পুবের কলম ওয়েব ডেস্ক: ফের সুড়ঙ্গ দুর্ঘটনার সাক্ষী হল উত্তরাখণ্ড। চামোলি জেলার পিপলকোটিতে একটি নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে কাজ করার সময় আচমকা ধস ও প্রবল জলস্রোতের মুখে পড়লেন ১৮ জন শ্রমিক। এখনও পর্যন্ত ৮ জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, ভিতরে অন্তত ১০ জন শ্রমিক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (টিএইচডিসি) অধীনে ওই সুড়ঙ্গের কাজ চলছিল। চামোলির পুলিশকর্তা সুরজিৎ সিং পাওয়ার জানান, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সুড়ঙ্গের ভেতর আচমকা ধস নামে এবং তীব্র বেগে জল ঢুকতে শুরু করে।
জলের তোড় এতটাই বেশি ছিল যে শ্রমিকরা নিজেদের সামলাতে না পেরে ভেসে যান। তবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আটকে পড়া বাকি শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে বলে পুলিশ আশা প্রকাশ করেছে।আরও পড়ুন:
ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরুর নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি নিজে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আটকে পড়া শ্রমিকদের দ্রুত বাইরে আনতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা যৌথভাবে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।