পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের বিপুল সাফল্যের পর এবার সেখানে বসতে চলেছে 'রামকথা'-র বিশাল আসর। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের জানুয়ারি মাসেই এই মেগা কর্মসূচির আয়োজন করবে কলকাতার অগ্রসেন সমাজ। আয়োজকদের আশা, এই অনুষ্ঠানে প্রায় তিন লক্ষাধিক ভক্তের সমাগম হবে।
জানা গিয়েছে, ব্রিগেডে রামকথা পাঠের মূল দায়িত্ব সামলাবেন মধ্যপ্রদেশের চিত্রকূট তুলসী পিঠের প্রধান। এই গোটা কর্মসূচি ও অনুমতির বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করতে ইতিমধ্যেই কলকাতায় এসেছেন তুলসী পিঠের প্রতিনিধি রামচন্দ্র দাস।

মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয়ে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমানে রাজ্য সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছেন আয়োজকরা।

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর ২০২৩ সালে ব্রিগেডে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ' এবং ২০২৫ সালের ডিসেম্বরে আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে 'পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ' অনুষ্ঠিত হয়েছিল। সেই কর্মসূচিগুলিতে লক্ষাধিক মানুষের ভিড় নজর কেড়েছিল। পূর্বের সেই ব্যাপক সাফল্যের পর এবার নতুন বছরে ব্রিগেডের বুকে রামকথার আসর বসানোর এই প্রস্তুতি শুরু হয়ে গেল।