পুবের কলম, ওয়েবডেস্ক: ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস অভিযোগ করেছেন, পুদুচেরি পুলিশ তাঁর পরিবারের বাসভবনে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে তাঁর পরিবারকে ভয় দেখানো এবং হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এক্স-এ সৌরভ দাস এই পুলিশি অভিযানের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, কার আদেশে এবং কোন উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


 
পোস্টে দাস লেখেন, "দুই ঘণ্টা আগে পুদুচেরি পুলিশ আমার পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের নানা ধরনের জিজ্ঞাসাবাদ করেছে। কেন এই হেনস্থা, পুদুচেরি পুলিশ? কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে এটি করা হলো? এটি কি আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে?
" তাঁর অভিযোগ, পুদুচেরির বিজেপি সমর্থিত সরকার তাঁর পরিবারকে ভয় দেখাচ্ছে এবং এটি কেন্দ্র সরকারের ইসারাতেই করা হচ্ছে। সৌরভের কথায়, "পন্ডিচেরির বিজেপি সরকার কেন আমার পরিবারকে ভয় দেখাচ্ছে? এটি পন্ডিচেরি সরকারের চরিত্র নয়। কেন্দ্র সরকারের নির্দেশেই এটি করা হচ্ছে।
" সিজেপি নেতা দাবি করেন, তাঁকে রাজনৈতিকভাবে নীরব রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই ধরনের পদক্ষেপে তিনি দমে যাবেন না বলে হুঁশিয়ারি দেন। 
 
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুদুচেরি সফর নিয়েও প্রশ্ন তোলেন দাস। তিনি বলেন, "মাত্র দু'দিন আগে অমিত শাহ পুদুচেরিতে ছিলেন, যেখানে তিনি সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নরের সাথে বৈঠক করেছেন। এই ভয় দেখানোর কৌশল কি সেই বৈঠকেই পরিকল্পনা করা হয়েছিল?" এদিকে পুদুচেরি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে গৃহীত রুটিন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।