পুবের কলম ওয়েব ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য সরকারের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান হারিয়েছেন। যে কোনও মুহূর্তে কড়া পুলিশি পদক্ষেপ বা গ্রেপ্তারিও হতে পারে। তা সত্ত্বেও নিজের মন্তব্যের জায়গা থেকে একচুলও সরতে নারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। এর মধ্যেই নেতাজিকে অপমানের অভিযোগে তাঁর দুই অনুগামীকে গ্রেপ্তার করেছে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বিতর্কে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন সবার জন্য সমান এবং অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
আরও পড়ুন:
চারদিক থেকে ক্রমশ চাপ বাড়লেও অনন্ত মহারাজের দাবি, তিনি নেতাজিকে কোনওরকম অপমান বা গালাগাল করেননি। তাঁর বক্তব্য, তিনি নিজে থেকে কোনও মনগড়া কথা বলেননি, কেবল ইতিহাসের পাতায় থাকা তথ্যই সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। এতে কোনও অন্যায় করে থাকলে তিনি আইনি শাস্তি নিতেও প্রস্তুত।
আরও পড়ুন:
উল্লেখ্য, সম্প্রতি তিনি দাবি করেছিলেন ভারতের স্বাধীনতায় কোচবিহারের মহারাজার বড় ভূমিকা ছিল এবং তিনি উপযুক্ত সম্মান পাননি। অনন্ত মহারাজের দাবি ছিল, কোচবিহারের মহারাজাই হিটলার ও আজাদ হিন্দ ফৌজকে পরাজিত করেছিলেন এবং জার্মানির হাতে বন্দি ব্রিটিশ ভারতীয় সেনাদের নেতাজি অপব্যবহার করেছিলেন। এমনকি কোচবিহারের মহারাজাকে স্বাধীন ভারতের সম্রাট করা হলে দেশভাগ এড়ানো যেত এবং ভারত-পাকিস্তান এক থাকত বলেও মন্তব্য করেছিলেন এই বিজেপি সাংসদ।