পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেও খাস কলকাতায় ভাঙা হল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। বৃহস্পতিবার দুপুরে নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার তিনমাথার মোড়ে থাকা একটি বিশাল নেতাজি মূর্তির ডান হাত ভাঙা অবস্থায় দেখতে পান পথচারীরা। মূর্তির ডান হাতের কবজির ওপর থেকে অর্ধেক অংশ কে বা কারা ভেঙে দিয়েছে, তা এখনও জানা যায়নি।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বিজেপি নেতা ও সাধারণ মানুষ।

এমন নক্কারজনক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা পুলিশের দ্বারস্থ হচ্ছেন। পাশাপাশি বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হচ্ছে। স্থানীয়দের প্রশ্ন, খোদ মুখ্যমন্ত্রী যেখানে নেতাজির অবমাননাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, সেখানে কীভাবে এমন ঘটনা ঘটল?

উল্লেখ্য, সম্প্রতি নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বুধবারই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, নেতাজির অবমাননা করলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই রেয়াত করা হবে না। সেই নির্দেশের পর বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর থেকে একজনকে আপত্তিকর পোস্টের কারণে গ্রেপ্তারও করা হয়। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই খাস কলকাতায় খোদ নেতাজির মূর্তি ভাঙচুরের ঘটনা স্বভাবতই সাধারণ মানুষের মনে ক্ষোভ ও প্রশ্ন তৈরি করেছে।