পুবের কলম ওয়েব ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করে নেওয়া হল। বৃহস্পতিবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন:
সম্প্রতি অনন্ত মহারাজ নেতাজির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, কোচবিহারের মহারাজাই যুদ্ধ করে হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে পরাজিত করেছিলেন। তাঁর আরও দাবি ছিল, জার্মানির হাতে বন্দি ব্রিটিশ ভারতীয় সেনাদের নিয়ে গঠিত আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিলেন নেতাজি।
এই মন্তব্যের জেরে রাজ্যজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। গত বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, নেতাজিকে অসম্মান করলে পুলিশ রাজনৈতিক রং না দেখে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির পরেই বৃহস্পতিবার অনন্ত মহারাজের সম্মান কেড়ে নেওয়ার এই নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। উল্লেখ্য, পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রিয় পার্কে আয়োজিত ভাষা দিবসের এক অনুষ্ঠানে তাঁকে এই ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করেছিলেন। রাজ্য সরকারের এই কড়া বার্তার পর সাংসদের আইনি চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।