পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে সরকার বদলের পর স্বাধীনতা দিবস উদযাপনেও আসছে নতুন চমক। দীর্ঘ ১৫ বছর পর আগামী ১৫ আগস্ট ফের শোনা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণ। জানা গিয়েছে, ওইদিন দূরদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের ঠিক পরই সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা। ইতিমধ্যেই বৃহস্পতিবার তাঁর এই বিশেষ ভাষণ রেকর্ড করা হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
মূলত রাজ্য বিজেপির প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। শাসকদলের মতে, রাজ্যে নতুন সরকার গঠনের পর মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেকটা বেড়েছে। তাই আগামী পাঁচ বছরে কর্মসংস্থান, শিল্প, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক ক্ষেত্রে নতুন সরকারের রূপরেখা কী হবে, তা স্বাধীনতা দিবসের এই বার্তার মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ।
আরও পড়ুন:
দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেও, গত ১৫ বছরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কোনও নির্দিষ্ট প্রথা অনুসরণ করেননি। এবার রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই শীর্ষ স্তরে আলোচনার পর সেই পুরনো রীতি ফিরিয়ে আনলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।