পুবের কলম, ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের চলমান ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। কংগ্রেস নেতাকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নার চেয়েও "নিকৃষ্ট নেতা" বলে তোপ দাগলেন তিনি। পাশাপাশি নিশিকান্ত দুবে দাবি করেন, রাহুল গান্ধীর রূপেই জিন্নার পুনর্জন্ম হয়েছে।
 
 বুধবার বিজেপি সাংসদ মন্তব্য করেন, ঝাড়খণ্ডের আন্দোলনরত ছাত্রদের স্বার্থে কংগ্রেসের উচিত অবিলম্বে রাজ্যের হেমন্ত সোরেন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়া। তা না করলে এটি স্পষ্ট হয়ে যাবে যে কংগ্রেস আন্তর্জাতিক অর্থলগ্নি গোষ্ঠী জর্জ সোরোসের এজেন্ডা অনুযায়ী কাজ করছে।

এক্স বার্তায় দুবে লেখেন, "জিন্নার দ্বিতীয় জন্ম হয়েছে রাহুল গান্ধীজির রূপে।" এই মন্তব্যের মাধ্যমে রাহুলের প্রতি তাঁর আক্রমণের মাত্রা আরও বৃদ্ধি করেন তিনি।
 
 ঝাড়খণ্ডে ছাত্রদের সিবিআই তদন্তের দাবি প্রসঙ্গে দুবে প্রশ্ন তুলে বলেন, "তারা কেন সিবিআই তদন্ত চাইছে না? ঝাড়খণ্ড সরকারের এক শীর্ষ আধিকারিকের বাড়ি থেকে মূল অভিযুক্ত ধর্মেন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ভালো করেই জানে, নিরপেক্ষ তদন্ত হলে হেমন্ত সোরেনের নাম সামনে আসবে।
আর সেই কারণেই এই তদন্ত আটকানোর সবরকম চেষ্টা চলছে।" বিজেপি সাংসদের কথায়, "কংগ্রেসের উচিত ঝাড়খণ্ড সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে এটা প্রমাণ করা যে তারা ছাত্রদের স্বার্থ রক্ষা করছে। তা না হলে এটাই ধরে নেওয়া হবে যে তারা সোরোসের এজেন্ডায় কাজ করছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেখানেই কোনো প্রতিবাদ হয়, সেখানেই রাহুল গান্ধীকে দেখা যায়। তিনি জিন্নার চেয়েও নিকৃষ্ট একজন নেতা।"