ফের উত্তরাখণ্ডে সুড়ঙ্গ দুর্ঘটনায় প্রাণহানি। বৃহস্পতিবার চামোলি জেলার পিপলকোটিতে নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে আচমকা ধস নেমে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

টিএইচডিসির জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল ওই সুড়ঙ্গে। দুর্ঘটনার সময় ভিতরে ছিলেন মোট ২২ জন শ্রমিক। সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ আচমকা ধস নেমে কাদাজলের তীব্র স্রোত সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ে। এর পরই বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এখনও দুই শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরিয়ে বড় যন্ত্রপাতির সাহায্যে জোরকদমে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

উদ্ধারকাজের উপর নজর রাখছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। চামোলির জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, আটকে থাকা শ্রমিকদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। কী কারণে এই ধস নামল, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।