পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন স্বাধীনতা দিবসের ঠিক আগেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা রাজধানীতে বোমাতঙ্ক। শুক্রবার একটি ই-মেলের মাধ্যমে খোদ দিল্লি হাই কোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দিল্লি শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শহরের প্রবেশ ও প্রস্থান পথগুলিতে চলছে কড়া নাকা তল্লাশি।
গুরুত্বপূর্ণ স্থান এবং জনবহুল এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রতিবারের মতো এবারও লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই হাই-প্রোফাইল কর্মসূচির প্রাক্কালে হাই কোর্টে বোমা হামলার হুমকি মেলায় গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে গত ৩ আগস্ট দিল্লির মেয়রের কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েও একটি ই-মেল এসেছিল। সেই সময়ও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে অবিলম্বে নিরাপত্তা প্রোটোকল কার্যকর করেছিল পুলিশ প্রশাসন। স্বাধীনতা দিবসের আগে খোদ রাজধানীতে লাগাতার এই ধরনের হুমকি মেলের নেপথ্যে কারা জড়িত, তা অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।