পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২৯ সালে চাঁদে নিজেদের প্রথম চন্দ্র রোভার পাঠাতে চলেছে পাকিস্তান। তবে এই অভিযান তারা একা করছে না। চিনের মহাকাশযান 'চ্যাং-ই-৮' মিশনের সাহায্যে চাঁদের মাটিতে পা রাখবে পাকিস্তানের এই রোভার। নিজেদের মহাকাশ গবেষণা সংস্থা 'সুপারকো' এখনও পর্যন্ত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে কোনও উপগ্রহ পাঠাতে পারেনি।

তাই মহাকাশে পৌঁছতে বেজিংয়ের উপরেই ভরসা রাখছে ইসলামাবাদ।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মহম্মদ আলি জিন্নার নামানুসারে রোভারটির নাম রাখা হয়েছে 'জিন্না-১'। প্রায় চার হাজার প্রস্তাবিত নামের মধ্যে থেকে এই নামটি বেছে নেওয়া হয়। সবকিছু ঠিক থাকলে এই রোভারটি চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি এলাকায় গিয়ে বৈজ্ঞানিক গবেষণা চালাবে।


চাঁদের দক্ষিণ মেরু নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ দীর্ঘদিনের। এই এলাকায় বরফ আকারে জল থাকার সম্ভাবনা এবং ভবিষ্যতে মহাকাশ গবেষণার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে ভারত প্রথম দেশ হিসেবে চন্দ্রযান মিশনের মাধ্যমে এই অঞ্চলে সফলভাবে রোবটিক ল্যান্ডার ও রোভার নামিয়ে ইতিহাস তৈরি করেছিল। ভারতের সেই সাফল্যের পর এবার চিনের হাত ধরে চাঁদের মাটিতে নামার স্বপ্ন দেখছে পাকিস্তান।