পুবের কলম, ওয়েবডেস্ক: বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চলা ফৌজদারি মানহানির অভিযোগ ও নিম্ন আদালতের সমন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রয়োজনীয় আইনি অনুমতি বা স্যাংশন না পাওয়ার কারণেই এই মামলাটি খারিজ করা হয়েছে বলে শুক্রবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়।
বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতিশীল নাগের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই রায় প্রদান করে। শুনানিকালে বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়, "অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অভিযোগকারীর আইনজীবী উত্তর প্রদেশ সরকারের পেশ করা হলফনামায় জানিয়েছেন যে, এই ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি অনুমতির কোনো উল্লেখ নেই। এই তথ্যের ভিত্তিতে আদালত সংশ্লিষ্ট মানহানির অভিযোগ এবং বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের জারি করা সমন বাতিল ঘোষণা করছে।
২০২২ সালের ১৭ নভেম্বর মহারাষ্ট্রের আকোলা জেলায় কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' চলাকালীন এক জনসভায় সাভারকরকে নিয়ে মন্তব্য করেন রাহুল গান্ধী। অভিযোগ ওঠে, রাহুল গান্ধী তাঁর বক্তব্যে সাভারকরকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেছেন। রাহুলের ওই মন্তব্যের পর আইনজীবী নৃপেন্দ্র পান্ডে নিম্ন আদালতে একটি ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন। অভিযোগকারীর দাবি ছিল, সাভারকরকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এক সুপরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবেই ওই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। অবশেষে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতির অভাবকে সামনে রেখে মামলাটি পুরোপুরি খারিজ করে দেওয়ায় আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন রাহুল গান্ধী।