পুবের কলম ওয়েব ডেস্ক: আয়বহির্ভূত সম্পত্তির মামলায় এলাহাবাদ হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে সিবিআই এবং ইডি-কে তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। আগামী ১৭ অগস্ট প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে।

রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির এই মামলাটি দায়ের করেছিলেন কর্নাটকের বিজেপি নেতা বিগ্নেশ শিশির।

গত মে মাসে এলাহাবাদ হাই কোর্ট নির্দেশ দেয়, মামলাকারীর অভিযোগের আদৌ কোনও ভিত্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। আইন মেনে সিবিআই এবং ইডি-কে এই বিষয়ে তথ্যানুসন্ধান এবং প্রয়োজনে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে গত ২০ জুলাই মামলার শুনানিতে সিবিআইয়ের জমা দেওয়া হলফনামা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। সিবিআইকে নতুন করে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, ইডি-র প্রাথমিক পদক্ষেপে আদালত সন্তোষ প্রকাশ করে।

এলাহাবাদ হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছেন কংগ্রেস নেতা। শীর্ষ আদালতের কাছে তাঁর আবেদন, মামলাটি যেন দিল্লি হাই কোর্টে স্থানান্তর করা হয়। আগামী ১৭ অগস্ট সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি হবে। অন্যদিকে, আগামী ২০ অগস্ট এলাহাবাদ হাই কোর্টে এই মূল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।