পুবের কলম ওয়েবডেস্ক, স্বাধীনতা দিবসে হরিয়ানার হিসারে মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনির পতাকা উত্তোলন অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়াল। অনুষ্ঠান বন্ধের দাবিতে জড়ো হওয়া কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন কৃষক এবং পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।

হিসার থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে সরকারি কলেজে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের বিরোধিতায় কৃষকরা জড়ো হলে তাঁদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজনের মাথায় আঘাত লাগে। পাল্টা কৃষকদের পাথর ছোড়ার ঘটনায় হিসারের পুলিশ সুপার বিনোদ কুমার এবং এক উপ-পুলিশ সুপার আহত হন।

পরে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে পাথর ছোড়ে। আতঙ্কে বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন মহিলা আশপাশের দোকানে আশ্রয় নেন।

কৃষকদের ক্ষোভের মূল কারণ ৪ আগস্ট ডেয়ারি ব্যবসায়ী জীবন কুন্ডুর হত্যাকাণ্ড। লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে হত্যার অভিযোগ ওঠে। পুলিশ এ ঘটনায় ইতিমধ্যে নয়জনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত রমেশ শর্মা এখনও পলাতক।

তাঁর সন্ধান দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা এবং দেশ ছেড়ে পালানো ঠেকাতে লুকআউট নোটিস জারি হয়েছে।

মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত কুন্ডুর দেহ সৎকার করা হবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। একদিন আগেই কৃষক ও খাপ প্রতিনিধিরা প্রতিবাদে এলাকার সাতটি টোল প্লাজা তিন ঘণ্টার জন্য বন্ধ করেছিলেন।

বিক্ষোভ কমিটির সদস্য সুরেশ কোঠ অভিযোগ করেন, রমেশ শর্মা বিজেপি বিধায়ক দেবেন্দ্র অত্রির আত্মীয় হওয়ায় রাজনৈতিক প্রভাবের কারণে গ্রেফতার এড়াচ্ছেন। 

কংগ্রেস বিধায়ক জস্সি পেটওয়ার পুলিশের লাঠিচার্জের সমালোচনা করে বলেন, ন্যায়বিচারের দাবি জানানো মানুষের ওপর লাঠি চালানো গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রশ্ন তুলে দেয়।
সংঘর্ষের মধ্যেও কড়া নিরাপত্তায় সরকারি কলেজে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী সাইনি। অনুষ্ঠানস্থলের চারপাশে মোতায়েন ছিল বিপুল পুলিশবাহিনী।