পুবের কলম ওয়েব ডেস্ক: ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে দেশবাসীকে সম্বোধন করে মাওবাদ এবং 'দিমাগি নকশাল' বা মাওবাদী মনোভাবাপন্নদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানান, বিগত বছরগুলিতে দেশে সশস্ত্র মাওবাদীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমলেও, মাওবাদী মতাদর্শে বিশ্বাসীরা এখনও সমাজের নানা স্তরে সক্রিয় রয়েছেন। সমাজে অশান্তি সৃষ্টিকারী এই বুদ্ধিজীবী মাওবাদীদের দ্রুত চিহ্নিত করে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই দেশকে মাওবাদমুক্ত করার যে সংকল্প তিনি গ্রহণ করেছিলেন, এদিনের ভাষণে সেই কথা দেশবাসীকে স্মরণ করিয়ে দেন মোদী। তিনি জানান, প্রায় চার দশক ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মাওবাদীরা যে রক্তপাত ও হিংসা চালিয়েছে, তা লাখ লাখ তরুণের ভবিষ্যৎ ও স্বপ্নকে ধ্বংস করেছে।
মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে সাড়ে তিন হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মী যে আত্মত্যাগ করেছেন, তা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, মাওবাদীরা এখন তাদের শেষ প্রহর গুনছে।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই 'দিমাগি নকশাল'রা সমাজকে টেনে নীচে নামানোর চেষ্টা করছে, তাই এদের কুপ্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে সরিয়ে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করা একান্ত প্রয়োজন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগেই ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণ মাওবাদমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সেই দিশাতেই দেশের নানা প্রান্তে তল্লাশি অভিযানের পাশাপাশি, আত্মসমর্পণকারী সশস্ত্র মাওবাদীদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনতে পুনর্বাসনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।