যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার প্রচারিত ইসরায়েলি পডকাস্ট ‘মেলেখ ব্লিটজার হাইম’-এ ইসরায়েল নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের নেতিবাচক কাভারেজের সমালোচনা করতে গিয়ে নেতানিয়াহু এ মন্তব্য করেন।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েলের পক্ষে ব্রিটিশ লেখক র‍্যান্ডলফ চার্চিলের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, বর্তমান ব্রিটেনে এ ধরনের সংবাদ পাওয়া কঠিন। এ প্রসঙ্গেই তিনি যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ করেন।

নেতানিয়াহু বলেন, কেউ একজন বলেছিলেন, পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামি প্রজাতন্ত্র হবে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’।

এরপর তিনি বলেন, ‘ইরানে এমন আরেকটি ইসলামি প্রজাতন্ত্র তৈরি হতে দেওয়া হবে না।’

তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ব্রিটিশ ও আইরিশ ইহুদি সংগঠন ‘মুভমেন্ট ফর প্রগ্রেসিভ জুডাইজম’। সংগঠনটি নেতানিয়াহুর বক্তব্যকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাবেক চিফ অব স্টাফ গ্যাভিন বারওয়েলও মন্তব্যটিকে ‘ইসলামবিদ্বেষী’ বলে সমালোচনা করেছেন।

গাজা যুদ্ধ, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, ইসরায়েলি বসতি ও অস্ত্র রপ্তানি নিয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যে টানাপোড়েন বেড়েছে। এক বিশ্লেষকের মতে, নেতানিয়াহুর মন্তব্য দুই দেশের সম্পর্কের ‘নতুন নিম্নস্তর’-এর ইঙ্গিত।