পুবের কলম, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের এজলাসে দেওয়া মৌখিক মন্তব্যকে বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি (সিজেআই) সূর্য কান্ত। 'ডিডি নিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আদালতের লাইভ স্ট্রিমিংয়ের ছোট ছোট অংশ কেটে সম্পূর্ণ প্রেক্ষাপট ছাড়া পরিবেশন করা হচ্ছে, যা যুবসমাজকে ভুল পথে চালিত করার এক মলিন উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা।
 
উল্লেখ্য, গত ১৫ মে, সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিকালে জাল ডিগ্রিধারীদের কটাক্ষ করতে গিয়ে প্রধান বিচারপতি তাদের তুলনা করেছিলেন ‘আরশোলা’ বা ‘কাকরোচ’-এর সঙ্গে। তিনি মন্তব্য করেন, এমন কিছু ব্যক্তি জালিয়াতির আশ্রয় নিয়ে ডিগ্রি লাভ করে এবং পরবর্তীতে ব্যবস্থার ওপর আঘাত হানতে তথ্য জানার অধিকার আইনের তথাকথিত কর্মী সেজে বসে।

প্রধান বিচারপতির এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুবসমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রতিবাদে ‘কাকরোচ জনতা পার্টি’ নামে একটি ব্যাঙ্গাত্মক ও প্রতিবাদী সামাজিক আন্দোলনের জন্ম নেয়।
 
ডিডি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান বিচারপতি সূর্য কান্ত বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট জানান, দেশের সাধারণ মানুষ বা তরুণদের নিয়ে এ ধরনের চিন্তাভাবনা করাও তাঁর পক্ষে অসম্ভব।
তিনি বলেন, "আমার মন্তব্যকে ভুলভাবে উদ্ধৃত এবং অপব্যবহার করা হয়েছে। যা আমি বলিনি, তা-ই বলা হয়েছে বলে উপস্থাপন করা হচ্ছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিশেষ করে দেশের যুবসমাজকে বিভ্রান্ত করার জন্য একটি বড় ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা।"সংবাদমাধ্যম এবং সাধারণ নাগরিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ভারতের সংবিধানে যেমন অধিকারের কথা বলা হয়েছে, তেমনি প্রতিটি নাগরিকের কিছু সাংবিধানিক দায়িত্বও রয়েছে। সমাজে শান্তি ও সংহতি বজায় রাখার জন্য সকলকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে।