পুবের কলম ওয়েব ডেস্ক: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রেড রোডে পালিত হল দেশের ৮০তম স্বাধীনতা দিবস। শনিবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের পর জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিশেষ অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজনৈতিক ভেদাভেদ দূরে সরিয়ে রেখে বাংলার সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার ডাক দেন তিনি। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে ‘ভারত কেশরী’ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ ও অবদান।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে জানান, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, বাংলাকে তাতে শামিল হতে হবে। একটি উন্নত ও গৌরবের পশ্চিমবঙ্গ গড়ার মধ্য দিয়েই এই স্বপ্ন পূরণ সম্ভব। কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করে পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত উন্নয়নের প্রসার ঘটাতে চায় রাজ্য সরকার। ঋষি অরবিন্দ, নেতাজি, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং বীণা দাসের মতো বীরাঙ্গনাদের লড়াইয়ের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা চিরকালই রাষ্ট্রবাদের পবিত্র মাটি।
পাশাপাশি তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানান, গত ৯ মে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে রাজ্যবাসী যে শপথ নিয়েছিল, তার পূর্ণ মর্যাদা রক্ষা করা হবে।আরও পড়ুন:
এবারের রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল অন্যান্য বারের তুলনায় যথেষ্ট আকর্ষণীয়। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এদিন ১৪ জন আইপিএস আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় ‘মুখ্যমন্ত্রীর পদক’। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কুচকাওয়াজ এবং ১২টি সুসজ্জিত ট্যাবলোর প্রদর্শনী। এর মধ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ট্যাবলো ছাড়াও অন্নামৃত, কন্যারত্ন, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির, দুর্গাশক্তি বাহিনী, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার বিভিন্ন ট্যাবলো রেড রোডে প্রদর্শিত হয়।