দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ রিপার ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

এমকিউ-৯ রিপার দীর্ঘ সময় নজরদারি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত একটি অত্যাধুনিক সশস্ত্র ড্রোন। এটি প্রায় ২৭ ঘণ্টা আকাশে থাকতে পারে এবং সর্বোচ্চ প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। সরঞ্জাম ও সংস্করণভেদে প্রতিটি ড্রোনের মূল্য প্রায় ৩ কোটি থেকে ৫ কোটি ডলার।

দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার হারিয়েছে। এসব ড্রোনের সম্ভাব্য মোট মূল্য ১৩০ কোটি ডলারের বেশি।

হরমুজ প্রণালির কাছে নজরদারি ও সামরিক অভিযানে এসব ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হলেও তুলনামূলক ধীরগতির কারণে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি, নিরাপত্তা ও সামরিক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। নতুন করে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি দুই দেশের সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।