পুবের কলম, ওয়েবডেস্ক: সাইবার অপরাধ দমন এবং অনলাইন আর্থিক জালিয়াতি থেকে নাগরিকদের রক্ষা করতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩,৭১৮টি ভুয়ো ও প্রতারণামূলক মোবাইল অ্যাপ্লিকেশন ব্লক করেছে কেন্দ্র সরকার। মঙ্গলবার লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে লিখিতভাবে এই তথ্য জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, একই সময়সীমার মধ্যে 'সিটিজেন ফাইন্যান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম'-এর মাধ্যমে প্রাপ্ত ৩২.৮০ লক্ষেরও বেশি অভিযোগের ভিত্তিতে সাধারণ মানুষের ১১,১৫৮ কোটি টাকারও বেশি অর্থ হাতছাড়া হওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
বিজেপি সাংসদ পি সি মোহনের এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার সরকারের এই পদক্ষেপের কথা নিশ্চিত করেন।
২০২১ সালে চালু হওয়া 'সিটিজেন ফাইন্যান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম' পোর্টালের সাফল্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জালিয়াতির ঘটনার পর দ্রুত রিপোর্ট করার ফলে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতিদের হাতে পৌঁছানো থেকে আটকানো সম্ভব হয়েছে। এ ছাড়াও, সাইবার অপরাধীদের চিহ্নিত করতে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সমন্বয়ে I4C-র অধীনে একটি ‘সাসপেক্ট রেজিস্ট্রি’ চালু করা হয়েছিল।