পুবের কলম ওয়েব ডেস্ক: একসময় ভারতের অর্থনীতি বিশ্বের ‘ভঙ্গুর পাঁচ’ বা ‘ফ্র্যাজাইল ফাইভ’-এর তালিকায় ছিল। কিন্তু আজ সেই ভারতই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। শনিবার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে দেশের অর্থনীতির এই বদলের ছবিই তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউপিএ আমলের ওই ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি কংগ্রেসকে তীব্র নিশানা করেন।

২০১৩ সালে বিনিয়োগকারী সংস্থা ‘মরগান স্ট্যানলি’ প্রথম ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেছিল। মূলত বাহ্যিক অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। ভারত ছাড়াও সেই তালিকায় ছিল ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। ২০১৪ সালের আগে ভারতের মুদ্রাস্ফীতি চরমে ওঠে, টাকার দাম কমতে থাকে এবং বিদেশি পুঁজির উপর নির্ভরতা বাড়ে।

২০১২ সালে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি জিডিপির ৫.১ শতাংশে পৌঁছে গিয়েছিল, যার অর্থ ছিল রপ্তানি আয়ের চেয়ে আমদানির খরচ অনেক বেশি।

প্রধানমন্ত্রী জানান, গত ১২ বছরে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০১৪ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর দেশ ওই ‘ফ্র্যাজাইল ফাইভ’-এর তালিকা থেকে সাফল্যের সঙ্গে বেরিয়ে আসে। বর্তমান সরকারের আমলে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং বাহ্যিক ভারসাম্য ফিরেছে। এমনকি আইএমএফ-ও ঘোষণা করেছে যে, উদীয়মান অর্থনীতির দেশগুলির মধ্যে দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ভারত এক অভাবনীয় নজির তৈরি করেছে।