পুবের কলম ওয়েব ডেস্ক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্ট আগের নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পঞ্জাব ও উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে শনিবার ১৫ অগস্ট থেকে আগামী ১৮ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
শনিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগ অব্যাহত থাকবে। সোমবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ফের ভারী বর্ষণ শুরু হবে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। দার্জিলিং ও কালিম্পঙে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্রে বর্তমানে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তাই সুরক্ষার খাতিরে আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।