পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম স্বাধীনতা দিবসের ঐতিহাসিক ভাষণে দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে বিশেষ অভিবাদন জানালেন সি জোসেফ বিজয়। চেন্নাইয়ের সেন্ট জর্জ ফোর্ট চত্বর থেকে পতাকা উত্তোলনের পর ভাষণ দিতে উঠে তিনি বলেন, “বিশ্বজুড়ে থাকা আমার সমস্ত তামিল আত্মীয় এবং আমার ‘জেন জি’ বন্ধুদের জানাই আন্তরিক প্রণাম।” ঐতিহাসিক এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রথম সারিতে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর, মা শোভা চন্দ্রশেখর এবং বিশিষ্ট অভিনেত্রী তৃষা।
 
প্রশাসনিক বিষয়ে কেন্দ্র সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেও, রাজ্যের অধিকারের পরিপন্থী যে কোনো নীতি বা সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর সরকার যে আপসহীন অবস্থান নেবে, তা স্পষ্ট করে দেন বিজয়।

দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দুর্নীতি দূর করা স্বাধীনতারই নামান্তর এবং আমার সরকার সেই লক্ষ্যেই কাজ করে চলেছে। সরকারি রাজস্ব যাতে কোনো ব্যক্তিবিশেষের পকেটে না যায়, তা নিশ্চিত করা হয়েছে এবং প্রতিটি বিভাগে দুর্নীতি নির্মূল করতে ক্রমাগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।” কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম না করে তিনি সতর্ক করে বলেন, তাঁর সরকারের বিরুদ্ধে কাজ করা সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তিকে পরাজিত করা হবে এবং সমস্ত রাজনৈতিক চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে।
 
ভাষণের শেষে বিজয় রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জাতি ও ধর্মের ভেদাভেদ ভুলে, অর্থ ও পেশিশক্তির ব্যবহারকে প্রত্যাখ্যান করে যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং এক জনকেন্দ্রিক ও সামাজিক ন্যায়বিচারের সরকার প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছেন, আমি তাঁদের শ্রদ্ধার সাথে সালাম জানাই। আমরা একটি দুর্নীতিমুক্ত সরকার গঠনের মিশনে রয়েছি এবং আমরা চাই জনগণও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করুক।”