পুবের কলম ওয়েব ডেস্ক: সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী সপ্তাহেই ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই হবে তাঁর প্রথম নয়াদিল্লি সফর। বাংলাদেশের সংবাদপত্র ‘দ্য ডেইলি স্টার’ এবং সংবাদসংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০ থেকে ২৫ অগস্টের মধ্যে এই দু’দিনের দ্বিপাক্ষিক সফরটি হতে পারে। ২০-২১ অথবা ২১-২২ অগস্ট এই দু'টি সময়ের মধ্যে শেষ মুহূর্তে সফরসূচি চূড়ান্ত হতে পারে বলে কূটনৈতিক সূত্রের খবর।
আরও পড়ুন:
এই সফর ঘিরে ইতিমধ্যেই জোরদার কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
গত সোমবার ঢাকায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপরই তড়িঘড়ি দিল্লি এসে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি। যদিও ওই বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, তা নিয়ে দুই দেশের তরফেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শুক্রবার সন্ধ্যায় দীনেশ ত্রিবেদী ফের ঢাকায় ফিরে গিয়েছেন। সফর চূড়ান্ত হওয়ার পর তিনি এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরে দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে অতিথি রাষ্ট্র হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তিনি সেখানে যোগ দিচ্ছেন না বলেই খবর। অন্যদিকে, আগামী ১ সেপ্টেম্বর এসসিও সম্মেলনে যোগ দিতে কিরঘিজস্তান সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আবার সেপ্টেম্বরের শুরুতেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নিউ ইয়র্ক যাওয়ার কথা বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের। দুই দেশের শীর্ষ নেতাদের আগামী মাসের এই ব্যস্ততার কথা মাথায় রেখেই অগস্ট মাসে সফরের দিনক্ষণ চূড়ান্ত করার চেষ্টা চলছে।