পুবের কলম ওয়েব ডেস্ক: তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর মতো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে সুদূর বেঙ্গালুরুতে গ্রেপ্তার হয়েছেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক যুবক। ধৃতের নাম আসাফুল মালিক (২৩)। স্বাধীনতা দিবসের দিন কর্নাটক পুলিশের এই পদক্ষেপে হতবাক যদুরহাটি পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামের বাসিন্দারা। এদিকে ছেলের জন্য বেঙ্গালুরু ছুটে গিয়েছেন বাবা, আর বাড়িতে উৎকণ্ঠায় দিন কাটছে মায়ের।
আরও পড়ুন:
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিম্নবিত্ত পরিবারের ছেলে আসাফুল গোবরডাঙা হিন্দু কলেজ থেকে স্নাতক হওয়ার পর ডব্লিউবিসিএস ও পুলিশের মতো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। সংসারের প্রয়োজনে বছর দেড়েক আগে তিনি বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজে যোগ দেন। মা হাসিনা বিবির আক্ষেপ, তাঁর ছেলে পড়াশোনা নিয়েই থাকতেন, তিনি যে এমন কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তা তিনি বিশ্বাসই করতে পারছেন না। গ্রামের মানুষও আসাফুলকে ভাল ছেলে হিসেবেই চিনতেন।
আরও পড়ুন:
কর্নাটক পুলিশ সূত্রে খবর, বোম্মাসান্দ্রা শিল্পাঞ্চল এলাকায় টহলদারির সময় তাদের কাছে ওই যুবকের সন্দেহজনক কাজকর্মের খবর আসে। এপিসি সার্কল এলাকা থেকে তাঁকে পাকড়াও করার পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে অনলাইনের মাধ্যমে জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ হয়ে তিনি টিটিপি-র সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আফগানিস্তান যাওয়ার ছক কষছিলেন। এছাড়া তদন্তকারীদের দাবি, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা ঢোকার প্রমাণও মিলেছে। এই ঘটনায় এলাকার মানুষ কয়েক বছর আগে জঙ্গি-যোগের অভিযোগে ধৃত তানিয়া খাতুনের কথা স্মরণ করছেন। আসাফুল কি সত্যিই কোনও অপরাধে জড়িত নাকি ষড়যন্ত্রের শিকার, তা নিয়েই এখন জল্পনা চলছে।