নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে নাগাদি সংলগ্ন এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা নদিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিসুর রহমান (৫৫) এবং তাঁর ছেলে আবু সুফিয়ান (২৪)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেথুয়াডহরি থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বাবা-ছেলে। নাগাদি এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের গাড়ি আটকে পরপর গুলি চালায় বলে অভিযোগ।

এরপর তাঁদের গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়।
আনিসুর রহমান নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। অন্যদিকে তাঁর ছেলে আবু সুফিয়ান আইন নিয়ে পড়াশোনা করছিলেন। একই পরিবারের দু’জনকে এভাবে হত্যার ঘটনায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।
ঘটনার পিছনে রাজনৈতিক আধিপত্যের লড়াই, পুরনো বিবাদ নাকি ব্যক্তিগত শত্রুতা—সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করতে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। দুই কংগ্রেস নেতার খুনের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে। কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে জোড়া খুনের পর থেকেই নাকাশিপাড়ার হরনগর এলাকায় থমথমে পরিস্থিতি।