পুবের কলম ওয়েব ডেস্ক: ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এই প্রথম স্বাধীনতা দিবসের কোনও কর্মসূচিতে সশরীরে দেখা গেল না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত চার দশক ধরে ১৪ অগস্ট মধ্যরাতে পতাকা উত্তোলন এবং ১৫ অগস্ট রেড রোডের কুচকাওয়াজে অংশগ্রহণ করা তাঁর দীর্ঘদিনের রুটিন ছিল। যুব কংগ্রেস নেত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রিত্বের সময়কাল— এমনকি কোভিড পর্ব, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি বা আরজি কর আবহেও তিনি এই দিনটি পালন করেছেন। তবে এবার শুধুমাত্র শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেই সীমাবদ্ধ থেকেছেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন:
প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই আকস্মিক অনুপস্থিতির সঠিক কারণ দলের প্রবীণ নেতাদেরও অজানা। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, কেন তিনি কোনও কর্মসূচিতে ছিলেন না, তা তাঁর জানা নেই। এদিন তপসিয়ার পুরনো তৃণমূল ভবনের সামনে কুণাল ঘোষ, দোলা সেনরা এবং মমতার বাড়ির ওঠোনে শুভাশিস চক্রবর্তী জাতীয় পতাকা তোলেন। অথচ গত মে মাসে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর এই ওঠোনেই তাঁকে রবীন্দ্রজয়ন্তী পালন করতে দেখা গিয়েছিল।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন ঋতব্রতপন্থী তৃণমূল নেতা তথা বিধায়ক আখরুজ্জামান।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী থাকাকালীন স্বাধীনতা দিবসের আগের দিন সন্ধে থেকে পরের দিন রাজভবন পর্যন্ত মমতার টানা কর্মসূচি থাকত। এবার সেই রেড রোডে স্যালুট নিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন পাড়ায় পাড়ায় তৃণমূলের আগের মতো উৎসবের মেজাজ না থাকলেও, বিজেপি এবং সিপিএম নেতৃত্ব নিজেদের মতো করে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন। কিন্তু এই গোটা উদ্যাপনের চিত্র থেকেই এবার সম্পূর্ণ বাইরে রইলেন ক্ষমতাচ্যুত মমতা বন্দ্যোপাধ্যায়।