পুবের কলম ওয়েব ডেস্ক:  স্বাধীনতা দিবসের রাতে নদিয়ার পুবের কলম ওয়েব ডেস্ক: নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্যজুড়ে 'কালা দিবস' পালনের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, রাজ্যে বিরোধী ও সংখ্যালঘুদের কণ্ঠরোধ করার চেষ্টার বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে।

শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ ছেলেকে স্টেশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন আনিসুর। অভিযোগ, সেই সময় নাগাদি রেল আন্ডারপাসের কাছে একটি কালো স্করপিও গাড়ি তাঁদের পথ আটকায়।

এরপর গাড়ি থেকে নামিয়ে তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন।

এই জোড়া খুনের ঘটনায় হরনগর পঞ্চায়েতের তৃণমূল প্রধান জুব্বার শেখের নাম জড়িয়েছে। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই জুব্বার শেখের স্ত্রী ফতেমা বিবি এবং সাহেব নামে তাঁর এক ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে। সুপারি কিলার দিয়ে এই খুন করানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

 মৃত আনিসুর রহমান প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সমাজমাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে রাজ্যের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন।
অন্যদিকে, রবিবার সকালে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে আনা হয়। তবে পরিবারের দাবি মেনে সুষ্ঠু তদন্তের স্বার্থে ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের জন্য দেহগুলি কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।