পুবের কলম ওয়েব ডেস্ক: ঝাড়খণ্ডে পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন হাজার হাজার পরীক্ষার্থী। এই ইস্যুতে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চরম বিড়ম্বনায় ফেললেন বিক্ষোভকারী পড়ুয়ারা। তাঁদের স্পষ্ট দাবি, জোটসঙ্গী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে পড়ুয়াদের দাবি মানতে বাধ্য করুক কংগ্রেস, অন্যথায় সরকার থেকে অবিলম্বে সমর্থন প্রত্যাহার করা হোক।
আরও পড়ুন:
শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাঁচিতে আয়োজিত 'তেরঙ্গা যাত্রা' থেকে ছাত্রনেতারা হুঁশিয়ারি দেন, আগামী ২০ আগস্টের মধ্যে দাবি না মানা হলে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে।
পড়ুয়াদের অভিযোগ, রাহুল গান্ধী তাঁদের ফোনে শুধুমাত্র মৌখিক সমর্থন জানিয়েছেন, কিন্তু কার্যক্ষেত্রে কংগ্রেস বা জেএমএম কেউই কোনও সদর্থক পদক্ষেপ করছে না। দুই দলই তাঁদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তুলে রবিবার রাজ্যজুড়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কুশপুতুল পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষোভকারীরা।আরও পড়ুন:
মূলত সিবিআই বা ইডি-কে দিয়ে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা না আসা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং গোটা ব্যবস্থার সংস্কার করে যোগ্য প্রার্থীদের প্রতি সুবিচার করার দাবিতে সরব হয়েছেন পরীক্ষার্থীরা। কিন্তু হেমন্ত সোরেনের সরকার এই দাবিগুলি সম্পূর্ণভাবে মেনে নিতে নারাজ হওয়ায় ঝাড়খণ্ডের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এবং যথেষ্ট রাজনৈতিক অস্বস্তিতে পড়েছে জোট সরকার।