উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে সাউথ পয়েন্ট চিলড্রেন একাডেমির উদ্যোগে এক বর্ণাঢ্য কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও নিট পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব প্রদর্শনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানোর পাশাপাশি গুণীজন সংবর্ধনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শাহাজাহান বিশ্বাস, অধ্যাপক ড. শঙ্কর প্রসাদ মাঝি, কুলতলি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী প্রণতি মাঝি, ড. এম. এ. মান এবং সাউথ পয়েন্ট চিলড্রেন একাডেমির সম্পাদক তথা শিক্ষক লুৎফর রহমান লস্কর-সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষাক্ষেত্রে সাফল্যের পাশাপাশি সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদেরও এদিন এই কৃতী সংবর্ধনা পর্বে সম্মানিত করা হয়।

সাউথ পয়েন্ট চিলড্রেন একাডেমির ময়দা ও মায়াহাউড়ি শাখার শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সাধারণ মানুষ এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। স্বাধীনতা দিবসের তাৎপর্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি প্রদানের এই প্রশংসনীয় উদ্যোগ উপস্থিত সকলের নজর কেড়েছে।

অনুষ্ঠানের শেষ ভাগে আয়োজিত সাংস্কৃতিক পর্বে ছাত্রছাত্রীদের পরিবেশিত গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। স্বাধীনতা দিবসের দেশাত্মবোধক আবহে কৃতী সংবর্ধনা এবং সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে দিনটি এক বিশেষ তাৎপর্যপূর্ণ ও আনন্দঘন মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে রইল।