পুবের কলম ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের ভাষণ চলাকালীন সোশাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পেশায় দর্জি ওই ব্যক্তির পাশাপাশি এই ঘটনায় অসমের মরিগাঁও থেকে তাঁর বাবা, ভাই-সহ আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্বাধীনতা দিবসে গুয়াহাটির খানাপাড়া থেকে মুখ্যমন্ত্রীর ভাষণ সোশাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। অভিযোগ, সেই লাইভ স্ট্রিমিং চলাকালীন মোতালেব দাবি করেন যে, ১ কোটি টাকার বিনিময়ে তিনি মুখ্যমন্ত্রীকে খুন করতে প্রস্তুত।

যাঁরা এই টাকা দিতে ইচ্ছুক, তাঁদের ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়। শুধু তাই নয়, ওই লাইভে তিনি দেশবিরোধী মন্তব্য এবং পাকিস্তানের সমর্থনে স্লোগানও দেন বলে অভিযোগ উঠেছে।

এই চাঞ্চল্যকর বিষয়টি পুলিশের সাইবার শাখার নজরে আসতেই তারা দ্রুত পদক্ষেপ নেয়। পোস্ট করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর এবং সোশাল মিডিয়া অ্যাকাউন্টের সূত্র ধরে মরিগাঁও থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সোশাল মিডিয়া অ্যাকাউন্টটি মোতালেব নিজেই চালাতেন কি না এবং ঠিক কী কারণে এমন হুমকিমূলক মন্তব্য করা হয়েছিল, তা জানতে পুলিশ ধৃতকে জেরা করে বিস্তারিত তদন্ত শুরু করেছে।