পুবের কলম ওয়েব ডেস্ক: শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে একাধিকবার আর্জি জানিয়েছে বাংলাদেশ। তবে এই প্রত্যর্পণের বিষয়টি নয়াদিল্লি নিজেদের দেশের আদালতের সিদ্ধান্তের উপরেই ছাড়তে চাইছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পর্যায়ের এক ভারতীয় আধিকারিক জানিয়েছেন, হাসিনাকে ফেরানো হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালতই।

এরই মাঝে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আচমকা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রবিবার বাংলাদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র একেএম শহীদুল করিম জানিয়েছেন, এই সফরের জন্য ভারতকে একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি করতে হবে। ঢাকা দাবি জানিয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী হাসিনা-সহ অন্যান্য পলাতক অপরাধী এবং ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্তদের দ্রুত বাংলাদেশের হাতে তুলে দিতে হবে।

বাংলাদেশের বিদেশমন্ত্রকের আরও দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে দণ্ডিত শেখ হাসিনা গত ৫ আগস্ট দিল্লিতে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করায় দুই দেশের যোগাযোগের পরিবেশ অনেকটাই নষ্ট হয়েছে। তাই এই সফর বাস্তবায়িত করতে ভারতের আগামী পদক্ষেপ কী হয়, ঢাকা আপাতত সেই উত্তরের অপেক্ষাতেই রয়েছে।