পুবের কলম, ওয়েবডেস্ক: নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরবর্তীতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং। প্রধান বিচারপতি সূর্য কান্তের উপস্থিতিতেই সুপ্রিম কোর্ট চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই কঠোর অবস্থান নেন তিনি।
বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, "আমরা পরিকাঠামো এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছি ঠিকই, কিন্তু আমাদের আত্মপর্যালোচনা করা দরকার যে দেশে কলেজের সংখ্যা ও কর্মসংস্থান বাড়ার পরও কেন আমাদের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। নিশ্চিতভাবেই ব্যবস্থার মধ্যে কোথাও কোনো গলদ রয়েছে।
সম্প্রতি নালসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ এবং বিচারবিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থার বিষয়ে কথা বলতে গিয়ে বিকাশ সিং মন্তব্য করেন যে, শিক্ষার্থীদের ওপর হওয়া লাঠিচার্জ ও প্রশাসনিক বলপ্রয়োগের ঘটনার পেছনে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলে প্রধান বিচারপতির উদ্যোগ এক ইতিবাচক বার্তা দেবে এবং বিচারব্যবস্থার প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।