পুবের কলম, পাটনা: বিহারে শিল্প বিনিয়োগের নামে রাজ্য সরকার জনগণের সাথে ‘প্রতারণা’ করছে বলে অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর উপস্থিতিতে সই হওয়া সমঝােতা স্মারক নিয়ে মুখ খুলে তিনি দাবি করেছেন, পরমাণু শক্তি খাতে ২২,৫০০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি করা একটি কোম্পানির মোট পুঁজি মাত্র ১১ লাখ টাকা! রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) কার্যকারী সভাপতি তেজস্বী যাদব এনডিএ সরকারকে একহাত নিয়ে বলেন, "যে কোম্পানির একটি স্কুল বা কলেজের সীমানা প্রাচীর তৈরি করার সামর্থ্য নেই, সেই কোম্পানি নাকি বিহারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা গবেষণা কেন্দ্র গড়ে তুলবে! মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সরকারের জন্য এর চেয়ে লজ্জার বিষয় আর কী হতে পারে?

"
 
তেজস্বী পরিসংখ্যান তুলে ধরে জানান, 'গ্লোবাল রিনিউয়েবল অ্যাডভান্সড ক্লিন এনার্জি প্রাইভেট লিমিটেড' নামের যে কোম্পানিটি পারমাণবিক খাতে ২২,৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে, সেটি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ লাখ টাকা এবং পরিশোধিত মূলধন মাত্র ১ লাখ টাকা। অর্থাৎ, মাত্র পাঁচ মাস আগে গঠিত এই সামান্য পুঁজির কোম্পানির হাতে হঠাৎ করে কী এমন কুবেরের ধন এসে পড়ল যে তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করবে—সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।
 
গত ৬ আগস্ট পাটনায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর উপস্থিতিতে শিল্প বিভাগ ও বিভিন্ন শিল্পগোষ্ঠীর মধ্যে মোট ৫১,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই প্রসঙ্গ টেনে তেজস্বী প্রশ্ন তোলেন, সরকার ৫১,৫০০ কোটি টাকার সমঝোতা স্মারক নিয়ে ঢোল পেটালেও ২০২৪, ২০২৫ এবং তার আগের বছরগুলোতে সই হওয়া ২ লাখ কোটি টাকার বেশি চুক্তির কী পরিণতি হয়েছে, তার কোনো অগ্রগতি রিপোর্ট প্রকাশ করছে না কেন? তেজস্বী যাদব অভিযোগ করেন, বড় বড় শিল্পগোষ্ঠীকে বিহারে আনা এবং পরিকাঠামো তৈরি করতে গত দুই দশক ধরে ক্ষমতায় থাকা এনডিএ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাঁর আশঙ্কা, “কাগজী কোম্পানি বানিয়ে ১ টাকায় সরকারি জমি হাতানো, ভরতুকি নেওয়া এবং সম্পদ তৈরি করে উধাও হয়ে যাওয়ার চক্রান্ত চলছে। বিহারের জনগণ এই ধরণের দুর্নীতি সহ্য করবে না।”