পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বুধবার রাজভবনে আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। এর মাধ্যমেই প্রথমবার ভারতীয় জনতা পার্টির কোনো নেতা বিহারের শীর্ষ পদে আসীন হয়ে ইতিহাস গড়লেন। বিহারের কুর্সিতে দীর্ঘদিনের জোট রাজনীতির পর এবার সরাসরি বিজেপির নেতৃত্বে সরকার গঠন হওয়ায় রাজ্যের প্রশাসনিক স্তরে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

শপথ গ্রহণের পর নতুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর প্রধান লক্ষ্য হবে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করা এবং সুশাসন নিশ্চিত করা।
 
রাজভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন সম্রাট চৌধুরীকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং এনডিএ জোটের শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নতুন এই সরকার গঠনে সম্রাট চৌধুরীর পাশাপাশি আরও দু’জন মন্ত্রী গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।
জেডিইউ বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রবীণ নেতা বিজয় কুমার চৌধুরী উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
 
সম্রাট চৌধুরীর মুখ্যমন্ত্রী পদে উত্তরণ বিহারের বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে বিজেপির আধিপত্য আরও সুসংহত হলো। জাতীয় রাজনীতিতে গেরুয়া শিবিরের এই দাপট বিরোধী শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে গণ্য হচ্ছে।