পুবের কলম ওয়েব ডেস্ক: ডিজিটাল পদ্ধতিতে জনগণনার প্রথম ধাপে অর্থাৎ স্ব-শুমারির (সেল্ফ এনুমারেশন) কাজে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষস্থান অধিকার করল পশ্চিমবঙ্গ। রবিবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ অগস্ট পর্যন্ত রাজ্যের মোট ৫৩ লক্ষ ১৩ হাজার ৫৮৯টি পরিবার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৪৯ লক্ষ ৮৬ হাজারেরও বেশি পরিবারের তথ্য নথিভুক্ত করার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং ৩ লক্ষ ২৭ হাজার ৫৭২টি পরিবারের কাজ বর্তমানে চলছে।
আরও পড়ুন:
গত ১ অগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই স্ব-শুমারি প্রক্রিয়ার সূচনা করেন। তারপর থেকেই রাজ্যের ২৩টি জেলায় এই কাজ পুরোদমে শুরু হয়।
জেলাভিত্তিক পরিসংখ্যানে নজর রাখলে দেখা যায়, মালদহ এবং উত্তর ২৪ পরগনা জেলা এই কাজে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। রাজ্য প্রশাসনের মতে, সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে গণমাধ্যমে লাগাতার প্রচার চালানোর ফলেই এই বিপুল সাফল্য মিলেছে।আরও পড়ুন:
উল্লেখ্য, দেশে এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ চলছে। এই প্রক্রিয়ার প্রথম দফায় ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত নাগরিকদের অনলাইনে নিজেদের তথ্য নিজেরাই নথিভুক্ত করার সুযোগ দেওয়া হয়েছিল। এরপর ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ বা পপুলেশন এনুমারেশনের কাজ চলবে। সবশেষে, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।